নন্দীগ্রাম প্রতিনিধি:আলহামদুলিল্লাহ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন-এর প্রচেষ্টায় ২০২৫–২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের পরিচালনা বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট ৬৫ লাখ টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দের মধ্যে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজে মেঝেতে টাইলস স্থাপন ও আরসিসি রোলিং নির্মাণের জন্য ২৫ লাখ টাকা এবং কলেজটির নির্মাণাধীন প্রধান ফটকের অসমাপ্ত কাজ সম্পন্নসহ অভ্যন্তরীণ আরসিসি রাস্তা নির্মাণ, মেরামত ও সংস্কারের জন্য আরও ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এছাড়া নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষ ও প্রধান শিক্ষকের কক্ষ মেরামত এবং নতুন প্রধান ফটক নির্মাণের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ অনুদানকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এমপি মোশারফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এসব উন্নয়নমূলক কাজের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও মানসম্মত হবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।