জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার খুলনা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন সরকারি ল্যাবরেটরি স্কুলের সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রাতুল একাডেমির তৃতীয় শাখা। নতুন এ শাখার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত, আধুনিক ও বিষয়ভিত্তিক শিক্ষা প্রদানের নতুন দিগন্তের সূচনা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক এমডি রাতুল বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীকে দক্ষ, আত্মবিশ্বাসী ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আমরা কুয়েটের মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি দক্ষ শিক্ষক দল গঠন করেছি।”
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক পাঠদান, নিয়মিত ক্লাস, সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষা, বিশেষ প্রস্তুতিমূলক ব্যাচ এবং ব্যক্তিগত তত্ত্বাবধানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে আলাদাভাবে যত্নসহকারে পাঠদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা নতুন এ শিক্ষা উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মানসম্মত শিক্ষা ও দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে রাতুল একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সঠিক পাঠদান, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে রাতুল একাডেমি ও রাতুল’স স্পেশাল ব্যাচ।