ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তিনজনের ওপর সংঘবদ্ধ হামলা, মারধর এবং ব্যবসার নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার (২ আগস্ট) সকালে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন উপজেলার চিকাশী ইউনিয়নের সুলতানহাটা উত্তরপাড়া গ্রামের মৃত ইউনুস সরকারের ছেলে বাবু সরকার (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে আলম বাদশার ছেলে রিয়ন মিয়া এবং তার দুই নাতি আলামিন হোসেন ও রানা চিকাশী মফিজ মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে একটি কাপড়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল ব্যক্তি তাদের পথরোধ করে।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের হাতে বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম ও ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। প্রথমে বাকবিতণ্ডার পর তারা অতর্কিত হামলা চালায়। এতে রানার ডান চোখে গুরুতর আঘাত লাগে এবং তার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া আলামিন হোসেনের ডান চোখে লোহার রড দিয়ে আঘাত করা হয় এবং তাকে লাঠিপেটা করা হয়। রিয়ন মিয়াকেও কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে আলামিন হোসেনের পকেট থেকে ব্যবসার নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত রানাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া বাবু সরকারসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।