রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবিতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গরু বিতরণ করেছে সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)।
শনিবার বিকেলে উপজেলার বটতলী (লতিহাটি) এলাকায় এসডিএসের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং এসডিএসের বাস্তবায়নে “বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের হাতে গরু তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।
এ সময় এসডিএসের নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তার, কো-অর্ডিনেটর লিটন, প্রকল্প পরিচালক শরিফুল ইসলামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অতিথীরা বলেন,দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের আয়বর্ধক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু পালনের মাধ্যমে তারা নিয়মিত আয় করতে পারবেন, যা তাদের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। গরু পেয়ে অনেক নারী আবেগাপ্লুত হয়ে সরকার ও বাস্তবায়নকারী সংস্থা এসডিএসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।