জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড
ঢাকা, ২৩ জুন: দেশে অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার রোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সংসদ সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
নতুন আইনে ডিজিটাল জুয়া প্ল্যাটফর্ম, অনলাইন ও দূরবর্তী জুয়া, বেটিং ও ওয়েজারিং, ডিজিটাল সম্পদ ও ক্রিপ্টো ওয়ালেট, টোটালাইজেটর, পেশাদার বুকমেকার, ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের মতো আধুনিক ধারণাগুলোর সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের মতে, প্রযুক্তিগত অগ্রগতির ফলে জুয়ার কার্যক্রম এখন আন্তর্জাতিক রূপ নিয়েছে। এর ফলে জনশৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, যুবসমাজের মানসিক স্বাস্থ্য এবং দেশের আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল এবং ই-স্পোর্টসকে কেন্দ্র করে তরুণদের মধ্যে অনলাইন বেটিংয়ের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
প্রস্তাবিত বিলের মাধ্যমে অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্ল্যাটফর্ম পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার। বিলটি সংসদে পাস হলে ডিজিটাল জুয়া নিয়ন্ত্রণে দেশের আইনগত কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।