কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালু উপজেলার সাকোহালী দাখিল মাদরাসা প্রাঙ্গণে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চোখ ও দাঁতের চিকিৎসা, বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দুজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও মেডিসিন বিষয়ক সেবা দেওয়া হয়।
চক্ষু চিকিৎসা সেবায় সহযোগিতা করে ইমপালস হসপিটাল—চক্ষু বিভাগ এবং দন্ত চিকিৎসা সেবায় সহযোগিতা করে ডা. আশিক’স ডেন্টাল কেয়ার। রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে বিশেষ সহযোগিতা করে বগুড়া অনলাইন রক্তদান সংগঠন।
আয়োজকরা জানান, মরহুম জাহাঙ্গীর আলম খানের স্মৃতিকে মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত করতেই এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্যাম্পে আসা স্থানীয় রোগীরা।