বগুড়া মোকামতলায় বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা।
বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫৬) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মোকামতলা এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত হাইওয়ে পুলিশের তৎপরতা ও নজরদারি না থাকায় মহাসড়কে বেপরোয়া চলাচল, অবৈধ পার্কিং , হাইওয়ে পুলিশের স্ববির কার্যক্রমের কারনে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনা।
বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ বারবার প্রকাশিত হলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা।
এর পাশাপাশি মহাসড়কের দুই পাশে যত্রতত্র অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকা এবং বিভিন্ন ধরনের অবৈধ দোকানপাট গড়ে ওঠায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে। এতে যান চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে পথচারী ও সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, মহাসড়কের দুই পাশ দখলমুক্ত করা, অবৈধ দোকানপাট উচ্ছেদ, যত্রতত্র যানবাহন দাঁড়ানো বন্ধ এবং নিয়মিত হাইওয়ে পুলিশের নজরদারি জোরদার করা জরুরি। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
রুহুল আমিন মোকামতলা বগুড়া প্রতিনিধির