কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের ছয় মাস মেয়াদি এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন মো. মুনজুরুল হক তালুকদার মুঞ্জু।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত গত ৩ আগস্ট ২০২৬ তারিখের এক আদেশে মো. মুনজুরুল হক তালুকদার মুঞ্জুকে এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান প্রামাণিক, অভিভাবক সদস্য মো. আব্দুর রহিম এবং শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
নবনিযুক্ত সভাপতি মো. মুনজুরুল হক তালুকদার মুঞ্জু বগুড়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য এবং কাহালু উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং অবকাঠামোগতসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের প্রত্যাশা—নতুন কমিটির নেতৃত্বে অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ আরও উন্নত ও গতিশীল হবে।