কাহালু (বগুড়া) প্রতিনিধি:বাংলাদেশে এই প্রথমবারের মতো জুলাই আন্দোলনের যোদ্ধাদের চিকিৎসা ও সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ একজন স্বাস্থ্যকর্মীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নে অবস্থিত শহীদ জিয়া পাঠাগার ও গবেষণা সেল-এর উদ্যোগে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সিহাব মিঞা-কে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সংকটময় সময়ে আহত ও অসুস্থ যোদ্ধাদের চিকিৎসা ও মানবিক সেবায় স্বাস্থ্যকর্মীদের অবদান ইতিহাসের অংশ হয়ে থাকবে। সেই আত্মত্যাগ ও দায়িত্বশীলতার স্বীকৃতি দিতেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ-বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারহট্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, কাহালু উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খুকি বেগম এবং জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে যারা মানবিক দায়িত্ব পালন করেছেন, তাদের যথাযথ সম্মান জানানো ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সঞ্চালনা করেন শহীদ জিয়া পাঠাগার ও গবেষণা সেল-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহিদ ইকবাল জিতু। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও সমাজের নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সম্মানিত করার আহ্বান জানান।