বগুড়া সারিয়াকান্দি প্রতিনিধি:দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার অধীন সারিয়াকান্দি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হাকিমকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী, অবিলম্বে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
এছাড়া দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে।
জেলা নেতৃবৃন্দ জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের শৃঙ্খলা বিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।