শাজাহানপুর প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে ৮২ পিস ইয়াবাসহ রাজু নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং নয় মাইল মন্ডলপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।
শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার এসআই অনুপ কুমার সরকার ও এএসআই মহুবার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামালপুর পূর্বপাড়া এলাকার মন্ডল ট্রেডার্সের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় রাজুর দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নোট: গ্রেফতার হওয়া ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইনগতভাবে তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।