রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এ বছর উপজেলার সামগ্রিক পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এ হতাশার মধ্যেও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে সেরা ফলাফল অর্জন করেছে পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা বিদ্যালয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০৪ জন উত্তীর্ণ হয়েছে এবং ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয়টির পাশের হার ৮৬ দশমিক ৬৭ শতাংশ, যা উপজেলার সর্বোচ্চ।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী বলেন,
“বিদ্যালয়ের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমরা সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করছি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার ৪৩টি উচ্চ বিদ্যালয় থেকে মোট ২ হাজার ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ২২৩ জন উত্তীর্ণ এবং ৮৪৫ জন অকৃতকার্য হয়েছে। উচ্চ বিদ্যালয় পর্যায়ে পাশের হার ৫৮ দশমিক ০২ শতাংশ। এ স্তরে মোট ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অপরদিকে, উপজেলার ৩০টি মাদ্রাসা থেকে ৭১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪২০ জন উত্তীর্ণ ও ২৯১ জন অকৃতকার্য হয়েছে। মাদ্রাসা পর্যায়ে পাশের হার ৫৯ দশমিক ০৭ শতাংশ।
এছাড়া উপজেলার ৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬২ জন উত্তীর্ণ এবং ১১৬ জন অকৃতকার্য হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার ৫৮ দশমিক ২৭ শতাংশ।
গত বছরের তুলনায় এ বছর উপজেলার সামগ্রিক ফলাফলে পাশের হার কমে যাওয়া উদ্বেগজনক। তবে নছির মন্ডল সরকারি বালিকা বিদ্যালয়ের কৃতিত্ব পাঁচবিবির শিক্ষাঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবক সমন্বয় এবং শিক্ষার্থীদের প্রতি আরও নিবিড় মনোযোগ বাড়ানো গেলে আগামী বছর ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।