কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালু উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সদ্য বিলুপ্ত কমিটির পরবর্তী নেতৃত্বে কাহালু উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আকতার আজম। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তার নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
প্রাপ্ত জীবনবৃত্তান্ত থেকে জানা যায়, ১৯৯৮ সালে জামগ্রাম ইউনিয়ন ছাত্রদলে যোগদানের মাধ্যমে আকতার আজমের রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি জামগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (২০০৩), কাহালু উপজেলা ছাত্রদলের সম্পাদকমণ্ডলীর সদস্য (২০০৪) এবং জামগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি (২০১৬) হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্রদলের রাজনীতির পর যুবদলের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ২০১৮ ও ২০২১ সালে কাহালু উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সদ্য বিলুপ্ত কমিটিতে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় সাড়ে তিন বছর ধরে উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
তার জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে, ১/১১ আন্দোলন, ২০১৪ সালের আন্দোলন, ২০১৮ সালের আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দুই দিন আগে গ্রেপ্তার হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে সাংগঠনিক সম্পৃক্ততার কারণে কাহালু উপজেলা যুবদলের নতুন কমিটিতে সভাপতি পদে আকতার আজমকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যাশাও করছেন তার অনুসারীরা।
তবে শেষ পর্যন্ত সভাপতি পদে কে আসছেন, সেটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আকতার আজমের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সাংগঠনিক অভিজ্ঞতা তাকে সভাপতি পদের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম হিসেবে সামনে এনেছে।