কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্যানের তার কাটা, চরম ভোগান্তিতে রোগী-স্বজনরা
বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ ও ফ্যান থাকা সত্ত্বেও জরুরি বিভাগের সামনে ফ্যানের সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। অভিযোগ উঠেছে, ফ্যান থাকলেও তার কাটা থাকায় তা ব্যবহারযোগ্য নয়, ফলে গরমে অতিষ্ঠ হয়ে উঠছে চিকিৎসা নিতে আসা মানুষজন।
প্রতিদিন জরুরি বিভাগের সামনে সিরিয়ালের অপেক্ষায় শত শত রোগীকে অবস্থান করতে হয়। কিন্তু সেখানে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা না থাকায় তীব্র গরমে কষ্ট পোহাতে হচ্ছে সবার। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।
ভুক্তভোগীরা জানান, “ফ্যান আছে কিন্তু চলে না। তার কাটা পড়ে আছে, কেউ ঠিক করার উদ্যোগ নিচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, গরমে অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা হয়।”
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষের নজরে থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অব্যবস্থাপনা দুঃখজনক বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ফ্যানগুলো সচল করার পাশাপাশি রোগীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।জনতা ৭১ টিভি কাহালু বগুড়া