স্টাফ রিপোর্টার কবি মুহাম্মদ ইউসুফ রেজা:মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে এক BSF জওয়ানের মৃত্যু হয়েছে। একইসাথে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় বজ্রপাতে মোট 5 জনের মৃত্যু ও 17 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
BSF সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বাবুরা ঘাট BOP-এর মিঠুপুর এলাকায় ডিউটি করছিলেন 71 ব্যাটালিয়নের জওয়ান ভিনীত কুমার দুবে, 46। হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
নিহত ভিনীত কুমার দুবে উত্তর প্রদেশের কন্নৌজ জেলার বাসিন্দা ছিলেন। বুধবার সকালে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তার ময়নাতদন্তের প্রস্তুতি চলছিল। BSF কর্মকর্তারা জানান, ময়নাতদন্ত শেষে পূর্ণ সামরিক মর্যাদায় তার মরদেহ নিজ বাড়ি কন্নৌজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় বজ্রপাতে 5 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও 17 জন। টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে জেলার বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় জওয়ানের এই মৃত্যুতে BSF-এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বাহিনীর এক কর্মকর্তা বলেন, “প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দেশ সেবায় নিয়োজিত ছিলেন তিনি। তার এই আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”