আদমদীঘিতে ডিএনসির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
বগুড়ার আদমদীঘি উপজেলা উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত নারী মাদক কারবারি মোছাঃ তাছলিমা (৪৭) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২০ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত তাছলিমা সান্তাহার ইয়ার্ড কলোনী গ্রামের বাসিন্দা এবং মোঃ আনসার আলীর স্ত্রী বলে জানা গেছে।
অভিযান চলাকালে আসামীর নিজ দখলীয় ইটের দেয়াল ও টিনের চৌচালাবিশিষ্ট বাড়ির পূর্ব পাশের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাছলিমার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক তাছলিমা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে আদমদীঘি থানা এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।