গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:- কালিহাতী উপজেলার কর্মকার পাড়া দুর্গা মন্দিরের উদ্যোগে ভক্তদের জন্য ভক্ত সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে এ কর্মসূচি সম্পন্ন হয়।
ভক্ত সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী কেন্দ্রীয় জয় কালিবাড়ি মন্দিরের সভাপতি সুদীপ দত্ত মানু। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিহাতী কেন্দ্রীয় জয় কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, কর্মকার পাড়া দুর্গা মন্দিরের সভাপতি কানাইল লাল সাহা ও সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাসসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুদীপ দত্ত মানু বলেন, ভক্ত সেবা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভোজন ও আরতি পরিবেশন করেন কর্মকার পাড়ার সাবেক সভাপতি জয়দেব কর্মকার ও তাঁর সহযোগী দল। এ সময় বিপুল সংখ্যক ভক্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রসাদ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, ভক্তদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতেই এই ভক্ত সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।