বগুড়ার কাহালু সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এক প্রাণবন্ত মতবিনিময় সভা সোমবার বিকেল ৩টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহজান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশারফ হোসেন শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং কলেজের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এজন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। শিক্ষকবৃন্দ ও উপস্থিত অতিথিরা কলেজের উন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা কলেজের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।