সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নকে উৎসাহিত করতে সিরাজগঞ্জের তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৯শে জুলাই) মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর অর্থায়নে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন-এর পরিচালক শরীফ খন্দকার এবং মাধাইনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৌহিদুর রহমান।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ বিতরণই নয়, এগুলো যেন সঠিকভাবে বড় হতে পারে সেদিকেও নজর রাখা হবে। ‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর মতো তরুণদের এমন অর্থায়ন ও সহযোগিতা প্রত্যন্ত অঞ্চলে পরিবেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
চারা হাতে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবক, বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।