কাহালু–নন্দীগ্রামের ৪০ দুর্গা মন্দিরে জেলা পরিষদের অনুদান নিশ্চিত করলেন এমপি মোশারফ হোসেন
মোঃ মোরশেদুল ইসলাম রবি, কাহালু (বগুড়া):
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের উদ্যোগে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ৪০টি দুর্গা মন্দিরের জন্য বগুড়া জেলা পরিষদ থেকে ৪০ লাখ টাকার অনুদান বরাদ্দ করা হয়েছে।
এই অনুদানের আওতায় প্রতিটি দুর্গা মন্দিরকে ১ লাখ টাকা করে প্রদান করা হবে। অনুদানের অর্থ মন্দিরগুলোর উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে এমপি মো. মোশারফ হোসেন বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক সম্মানবোধের বাংলাদেশ গড়তে আমি সকল ধর্মের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এমপি মোশারফ হোসেন এবং বগুড়া জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
এ উদ্যোগকে কাহালু–নন্দীগ্রামে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।