মোরশেদুল ইসলাম রবি বগুড়া:বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনকে নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়েছে নানা পোস্ট, ব্যানার, ফেস্টুন ও সমর্থকদের আবেগঘন স্ট্যাটাস। অনেকেই দাবি তুলছেন— “জনপ্রিয় এই নেতাকে এবার মন্ত্রিসভায় দেখতে চায় কাহালু-নন্দীগ্রামবাসী।”
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও রাজনৈতিক অঙ্গনে মোশারফ হোসেনের জনপ্রিয়তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়ার পর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণেই তিনি এখন উত্তরবঙ্গের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দেখা যায়, অনেকেই লিখছেন— “জনগণের নেতা মোশারফ হোসেনকে মন্ত্রী হিসেবে দেখতে চাই”, আবার কেউ কেউ বলছেন, “কাহালু-নন্দীগ্রামের উন্নয়নের স্বার্থে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা, দলীয় নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক এবং সাধারণ মানুষের মাঝে গ্রহণযোগ্যতার কারণেই তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে তাকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
এদিকে সমর্থকদের এমন ভালোবাসা ও প্রত্যাশাকে ইতিবাচকভাবেই দেখছেন মোশারফ হোসেনের অনুসারীরা। তাদের ভাষ্য, “জনগণের আস্থা ও ভালোবাসাই একজন নেতার সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিতেই এগিয়ে যাচ্ছেন আলহাজ্ব মোশারফ হোসেন।”