বগুড়ার কাহালুতে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও টাপেন্টাডল জাতীয় মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত কাহালু থানাধীন পাইকড় ইউনিয়নের পাইকড় পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে আসামি মো. আব্দুস সালামের নিজ বাড়ি থেকে একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৩০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং টাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ নামীয় ২৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুস সালাম (৩৬) কাহালু উপজেলার পাইকড় পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইয়াছিন মোল্লার ছেলে।
এ ঘটনায় ডিএনসি বগুড়ার পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।