এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত একটি গাভী উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মুন্সির বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় জেলা পুলিশ।
পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযানে নামে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ইব্রাহিম মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, হযরত আলী ও বিল্লাল।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত গাভীটি উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির মালামাল নিজের হেফাজতে রাখার অভিযোগে শাহজাহান হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম বলেন, “গোয়েন্দা তৎপরতা জোরদার করার ফলে দ্রুত সময়ের মধ্যে এই চক্রটিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় কুমিল্লা জেলা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।