স্টাফ রিপোর্টার:বগুড়ার কাহালু উপজেলার সাকোহালী গ্রামের অগ্নিদগ্ধ শিশু রাইসা মনির চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। কাহালু সরকারি কলেজ ও কাহালু সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে যৌথভাবে তার পরিবারের কাছে নগদ ৮,০০০ টাকা প্রদান করা হয়েছে।
সম্প্রতি মর্মান্তিক এক দুর্ঘটনায় দগ্ধ হওয়া ছোট্ট রাইসা মনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় উক্ত দুই শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অর্থ সংগ্রহ করা হয়।
সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের সকল শ্রেণিপেশার মানুষ এগিয়ে এলে রাইসা মনির চিকিৎসা আরও সহজ হবে।”
রাইসা মনির পরিবার এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে এবং ভবিষ্যতেও সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও সহমর্মিতায় উদ্বুদ্ধ করে।