মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ “আমি যতদিন বেঁচে থাকব, কাহালু ও নন্দীগ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাব”— শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
শপথ শেষে তিনি বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। বিশেষ করে গ্রামীণ সড়ক সংস্কার, সেচ ব্যবস্থার উন্নতি এবং আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
এমপি মোশারফ হোসেন আরও বলেন, “আমাকে যারা ভালোবেসে ভোট দিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণ করাই আমার প্রথম দায়িত্ব। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় কাহালু-নন্দীগ্রামকে একটি উন্নত ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ সময় উচ্ছ্বাস দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে কাহালু ও নন্দীগ্রামে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, তরুণ সমাজকে সম্পৃক্ত করে মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব সমাজ গড়ে তোলাও তার অন্যতম লক্ষ্য।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে কাহালু-নন্দীগ্রাম আসন দ্রুত দৃশ্যমান উন্নয়নের পথে এগিয়ে যাবে।