বগুড়া প্রতিনিধি:বগুড়া মহানগরের গুরুত্বপূর্ণ ফল পট্টি–স্টেশন রোড এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় রাস্তার অর্ধেকজুড়ে জমে রয়েছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, রিকশা-অটোরিকশার চালকসহ সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে দীর্ঘসময় পানি জমে থাকে। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
জমে থাকা পানির কারণে একদিকে যেমন স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে পথচারীদের কাপড়-জুতা ভিজিয়ে পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। যানবাহন চলাচলের সময় ছিটকে পড়া নোংরা পানিতেও ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
বগুড়া শহরের জলাবদ্ধতা ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক সময়েও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বৃষ্টির পর পানি জমে নাগরিক দুর্ভোগের চিত্র উঠে এসেছে।
স্থানীয়দের প্রশ্ন—ব্যস্ততম এই সড়কের অর্ধেক পানিতে ডুবে থাকলেও দেখার কি কেউ নেই?
নগরবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সড়কটি চলাচলের উপযোগী করা এবং ভবিষ্যতে যাতে একই সমস্যার পুনরাবৃত্তি না হয়, সে জন্য কার্যকর ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হোক।