ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন
জাতীয় পার্টির বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ব্রেন স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতা (ব্রেন স্ট্রোক) ধরা পড়ে। একই সঙ্গে হৃদরোগজনিত সমস্যাও শনাক্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। পরে উন্নত চিকিৎসার স্বার্থে জেলা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সাবেক এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খবরে শিবগঞ্জসহ বগুড়ার বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।