মেধাকে গুরুত্ব দেয়নি ফ্যাসিস্ট সরকার নন্দীগ্রামে এমপি মোশারফ হোসেন
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা শিক্ষায় বৈষম্য সৃষ্টি করেছে এবং মেধাকে যথাযথ মূল্যায়ন করেনি। আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
শনিবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও গুরুত্ব দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সারওয়ার জাহান, নন্দীগ্রাম থানার ওসি তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।