২০ মে ২০২৬ তারিখে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬” এর ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নেছার উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “এখন থেকেই খোঁজ নিতে হবে আপনার সন্তান কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে চলাফেরা করছে। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকদের দায়িত্ব সবচেয়ে বেশি।”
তিনি আরও বলেন, “মালঞ্চা ইউনিয়নে আর কোনো ধরনের মাদক ব্যবসায়ীদের জায়গা হবে না।” এ সময় তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দেন এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জহুরুল ইসলাম। এ সময় ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও উৎসবমুখর করে তোলে। আয়োজকরা জানান, শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।